রাঙ্গাবালীতে নিখোঁজের দুইদিন পর ডোবায় তরুণের লাশ ‍উদ্ধার

অক্টোবর ০৪ ২০২৩, ১৮:৩০

আমার বরিশাল ডেস্ক,

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি ‍॥ নিখোঁজের দুইদিন পর পটুয়াখালীর রাঙ্গাবালীতে ডোবা থেকে এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাহেরচর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই তরুণের নাম রিয়ান প্যাদা (১৮)। সে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কাজির হাওলা গ্রামের শহীদুল প্যাদার ছেলে। পুলিশ ও পরিবার জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্য গিয়ে নিখোঁজ হয় রিয়ান। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করেও পায়নি। পরে আজ বুধবার সকালে পশ্চিম বাহেরচর গ্রামের একটি ধানক্ষেত সংলগ্ন ডোবায় ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।

এ খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে রিয়ানকে শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, লাশটি ফুলে উঠেছে এবং শরীরের বিভিন্ন স্থানে পচণও ধরেছে। পরিবারের দাবি, রিয়ান ছোটবেলা থেকেই সহজসরল প্রকৃতির। তার মৃগীরোগ ছিল । হয়তো এতেই আক্রান্ত হয়ে রিয়ানের মৃত্যু হতে পারে বলে ধারণা তাদের।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, পরিবারের দাবি রিয়ান মৃগীরোগে আক্রান্ত ছিলেন। তবুও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন....