বরিশালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ॥ নতুন আক্রান্ত ২৯৪
অক্টোবর ০৪ ২০২৩, ১৭:৪৫
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা বুধবার সকাল ০৮টার আগের ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২৯৪ জন। নতুন মৃত্যুসহ বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১১০ জনে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এই তথ্য জানিয়েছেন।
মৃতরা হলেন, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আবুল কালাম (৬৫), পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলীন চন্দ্র শীল (৭২) ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মাসুম সরদার (৩০)।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৭১, পটুয়াখালীতে ৬৮ জন, পিরোজপুরে ৪৯ জন, ভোলায় ৩৪ জন, বরগুনায় ৪৭ জন ও ঝালকাঠিতে পাঁচজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৫ হাজার ৮৫২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৫৮৭ জন। মৃত ১১০ জনের মধ্যে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ০৪ জন মারা গেছেন। এছাড়া বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ২ জন, পটুয়াখালীতে ২ জন, ভোলায় ০৮, পিরোজপুরে ১০, বরগুনায় ৫ ও ঝালকাঠিতে একজন মারা গেছে।
