শেবাচিম হাসপাতালে চালু হলো রক্তের প্লাটিলেট আলাদাকরণ যন্ত্র
সেপ্টেম্বর ২৬ ২০২৩, ১৯:৫৩
নিজস্ব প্রতিবেদক ॥ অবশেষে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চালু হলো রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে এফেরেসিস মেশিনটির কার্যক্রম অনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম। স্বল্প খরচে মেশিনটি দিয়ে রক্তের প্লাটিলেট আলাদা করে তা গ্রহণ করতে পারবেন ডেঙ্গু, ক্যান্সার, থেলাসেমিয়া ও আইটিপি আক্রান্ত রোগীরা।
সাইফুল ইসলাম বলেন, আগে রক্ত থেকে প্লাটিলেট পৃথককরণের মেশিন না থাকায় রোগীদের ভোগান্তি পোহাতে হতো। আমরাও রোগীদের কাঙ্খিত সেবা দিতে পারতাম না। প্লাটিলেট যাদের দরকার হতো তাদেরকে ঢাকায় স্থানান্তর করতে হতো।
আজ থেকে আর ভোগান্তি পোহাতে হবে না রোগীদের। মেশিনটি সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সরকারিভাবে সরবরাহ করা হয়েছে। হাসপাতালের রক্ত পরিসংঞ্চলন কেন্দ্রে মেশিনটি পরিচালিত হবে।
এফেরেসিস মেশিনটির সাথে স্বল্প পরিমাণের প্লাটিলেট সেপারেশন কিটসও সরবরাহ করা হয়েছে। রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের দায়িত্বে থাকা সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডাঃ নূরুন্নবী চৌধুরী তুহিনের সভাপত্বিত্বে মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ ইমরুল কায়েস, সার্জারী বহিঃবিভাগের আবাসিক সার্জন ডাঃ সৌরভ সুতার, নাক কান গলা বহিঃবিভাগের আবাসিক সার্জন ডাঃ চিরঞ্জিব সিনহা পলাশ প্রমুখ।
