বরিশালে আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু: হাসপাতালে ভর্তি ৪৭৭
সেপ্টেম্বর ২৪ ২০২৩, ১৫:৪৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৭৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) অপরাহ্নে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২২ হাজার ৩৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৯২ জন। বিভাগে এখন পর্যন্ত ৯১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬৩ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে নয় জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে পাঁচজন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।
সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হলো। মৃত্যুবরণকারীরা হচ্ছেন পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বাসিন্দা তানভীর (১৬), বরগুনা জেলার বেতাগী উপজেলার বাসিন্দা জলিল (৫৬), বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা রিনা বেগম (৪৫), পিরোজপুর সদর উপজেলার বাসিন্দা লাইজু (৪০) এবং ঝালকাঠির কেস্টকাঠি এলাকার বাসিন্দা মনোয়ারা (৬৫)। এর মধ্যে তিনজন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন ঝালকাঠি ও পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৩৪ জন, পটুয়াখালীতে ১০৭ জন, পিরোজপুরে ৯৩ জন, ভোলায় ৫৩ জন, বরগুনায় ৬৭ জন ও ঝালকাঠিতে ২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। রোববার সকাল পর্যন্ত ৬ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৩০১ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।’
