বিসিসি’র মেয়রসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে নালিশী মামলা
সেপ্টেম্বর ১৯ ২০২৩, ১৯:৩৮
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশনের নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া কর্মকর্তার বেতন-ভাতা বন্ধ করে অপর একজনকে অবৈধভাবে নিয়োগ দেয়ায় মেয়রসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে নালিশী মামলা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বরিশাল জ্যেষ্ঠ সহকারী জজ মোঃ হাসিবুল হাসান মামলাটি গ্রহন করে আদেশের জন্য রেখেছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মোঃ বায়েজিদ। নালিশী মামলার বাদী হলেন, বরিশাল সিটি করপোরেশনের নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার পদের চুক্তিভিত্তিক কর্মকর্তা শেখ মোঃ সোয়েব কবির। সে নগরীর ব্যাপটিষ্ট মিশন রোডের বাসিন্দা শেখ মোঃ শাহাজাহান কবিরের ছেলে।
মামলার বিবাদীরা হলেন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা, চুক্তিভিত্তিক নিয়োগ কমিটির সদস্য সচিব, বাজেট কাম হিসাবরক্ষন কর্মকর্তা ও নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পদে বর্তমান কর্মরত ওবায়েদুর রহমান। বাদীর আইনজীবী আজাদ রহমান নালিশী মামলার বরাত দিয়ে বলেন, ২০২০ সালের ১৯ নভেম্বর নেটওয়ার্কিং পদে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বরিশাল সিটি করপোরেশন।
সে অনুযায়ী বাদী শেখ মোঃ সোয়েব কবির লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ২০২১ সালের ৯ মে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পায়। ২০২৩ সালের ৪ জানুয়ারী পর্যন্ত নিয়মিত বেতন-ভাতা দেয়া হলেও পরে অজ্ঞাত কারনে বেতন-ভাতা বন্ধ করে দেয়। মামলায় বাদী সোয়েব কবির অভিযোগ করেন, তাকে চাকুরিচ্যুত না করে সরকারী বিধিবিধান না মেনে একই পদে আরেকজনকে নিয়োগ দিয়েছে।
গত ১৭ সেপ্টম্বর তিনি সিটি করপোরেশন গিয়ে বিবাদীদের কার্যালয়ে বেতন-ভাতা দেয়ার ও অবৈধভাবে নিয়োগ বাতিলের অনুরোধ করেন। কিন্তু তারা হবে না বলে জানিয়েছে। তাই মামলায় বেতন-ভাতা দিতে ও অবৈধ নিয়োগ বাতিলের প্রতিকার চাওয়া হয়েছে।
