ভয়ংকর রূপে ডেঙ্গু: বরিশালে একদিনেই সাত জনের মৃত্যু
সেপ্টেম্বর ১৩ ২০২৩, ১৮:২০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪১৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন, বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা কাঞ্চন আলী (৬০), সাগরদী এলাকার বাসন্তী রানী (৫৫), বাকেরগঞ্জ উপজেলার আনোয়ারা বেগম (৭০), বানারীপাড়া উপজেলার রুশিয়া বেগত (৫৭), মেহেন্দিগঞ্জ উপজেলার মনোয়ারা বেগম (৫৫), বরগুনার আমতলী উপজেলার নুরুল আমিন (৫৬) ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার বারেক হাওলাদার (৮০)
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, মৃত ৭ জনের মধ্যে ৬ জনই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তিনি আরো বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৮ হাজার ১৮৫ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৬৫ জন।
