পটুয়াখালীতে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু-৩
সেপ্টেম্বর ১১ ২০২৩, ২০:৫৩
সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীতে দিনদিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ২৪৮ জন রোগী ভর্তি রয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে।
পটুয়াখালীর সিভিল সার্জন অফিসের সোমবার (১০ সেপ্টেম্বর) দেয়া তথ্য অনুযায়ী পটুয়াখালীতে মোট ২৪৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৬ জন, দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪ জন, বাউফলে ১৯ জন, গলাচিপায় ২১ জন, মির্জাগঞ্জে ৩৫ জন, দুমকিতে ১২ জন ও কলাপাড়ায় ১১ জন রোগী ভর্তি রয়েছে। আক্রান্তদের মধ্যে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা বেশি।
দেখা গেছে, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেড দিতে পারছেন না কর্তৃপক্ষ। সাধারন ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ডে পরির্বতন করে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। অপরদিকে ঐষধ সংকটেও পরেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে শুধু নাপা দিলেও স্যালাইন সহ সকল ঔষধ বাহির থেকে ক্রয় করতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ২৫০ শয্যার হাসপাতালে ১১৬ জনই ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় পর্যাপ্ত পরিমানে ঔষধ হাসপাতাল থেকে দিতে পারছে না।
এদিকে পটুয়াখালীর বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়নি। মেডিসিন ওয়ার্ডে সাধারণ রোগীদের সঙ্গে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান জানান, ঢাকা থেকে লোকজন গ্রামের বাড়িতে আসায় এবার পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে উন্নত চিকিৎসা সেবা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা।
