বাউফলে চাচার হাতে ভাতিজা খুন আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
সেপ্টেম্বর ০৫ ২০২৩, ১৭:২১
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে চাচার হাতে ভাতিজা মোঃ আলামিন মৃধা (৩০) খুনের সাথে জড়িত আসামীদের দ্রæত গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল আলম হাওলাদার, ইউপি সদস্য সাহাবুদ্দিন সাবু, সাহ আলম মোল্লা, নিহতের বাবা সানু মৃধা ও নিহতের ভাই ফোরকান মৃধা প্রমূখ ।
মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন শ্রেণির পেশার কয়েকশ নারী-পুরুষ অংশ নেয়। উল্লেখ্য, গত শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর বাজার থেকে বাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে হাতেম মৃধার বাড়ীর সামনে গেলে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আপন চাচা আবদুল মোতালেব মৃধা তার ভাতিজা মোঃ আল আমিন মৃধাকে (৩০) ছুরিকাহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় নিহতদের বড় ভাই শামীম মৃধা বাদি হয়ে আপন চাচা ও চাচাতো ভাইসহ ১১ জন নামীয় ও ৮ জনকে অজ্ঞাত আসামী করে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনার দিন রাতে বগা ফেড়ি ঘাট এলাকা থেকে চাচা আবদুল মোতালেব মৃধা ও তার ছেলে লাবিব মৃধাকে গ্রেপ্তার করে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
