মুলাদীতে জমি সংক্রান্ত বিরোধে চাচাত ভাইকে কুপিয়ে হত্যা
আগস্ট ১৬ ২০২৩, ১২:৫৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের মুলাদী উপজেলায় জমির বিরোধে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাত ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর চরপদ্মা মাদ্রাসার হাট এলাকায় এ ঘটনা ঘটে। মুলাদী থানার ওসি মাহবুবুর এই তথ্য নিশ্চিত করেন।
নিহত রায়হান সরদার (১৭) ওই গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। তার ভাই ইমরান সরদারকে (৩২) গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহবুবুর বলেন, বাড়ির সীমানার জমি নিয়ে ইমরান ও রায়হানের সঙ্গে তার চাচা করিম সরদারের বিরোধ ছিল।
তিনি বলেন, তারা তার চাচার বাড়ির মধ্যে জমি পাওয়ার দাবি করে সুপারির গাছের চারা রোপন করতে যান। “জমি পাবে না দাবি করে সেখানে বেড়া দিতে যান করিম ও তার ছেলে ইয়াসিন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইয়াসিন ধারালো ছুরি নিয়ে রায়হান ও ইমরানকে কুপিয়ে জখম করেন।”
ওসি আরও বলেন, রায়হানের ঘাড়ে ও পিঠে কুপিয়ে জখম করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর করিম ও তার ছেলে ইয়াসিনসহ পরিবারের সবাই পালিয়েছেন। মাহবুবুর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন; হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, জানান ওসি।’
