বরিশালে শিশু ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন
আগস্ট ১৪ ২০২৩, ২০:০২
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে নগরীতে পালাক্রমে শিশু তন্বী আক্তার (০৯) ধর্ষণ ও হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ দণ্ড দেন।
দণ্ডিত তিন জনের মধ্যে দুই জন আদালতে উপস্থিত ছিলো বলে জানিয়েছেন বিশেষ পিপি অ্যাডভোকেট ফয়েজুল হক ফয়েজ। তিনি জানান, দণ্ডিত বাছেত খান ওরফে বাঘা পলাতক রয়েছে। আদালতে উপস্থিত ছিলেন শাহারিয়া খান ওরফে শাকিল ও ইমাম হোসেন হাওলাদার। পলাতক বাঘা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের খান সড়কের বাসিন্দা মরহুম আজিজ খানের ছেলে।
শাকিল একই এলাকার মতিয়ার রহমান খানের ছেলে ও ইমাম ওই আব্দুস ছালাম হাওলাদারের ছেলে। গণধর্ষণ ও হত্যার শিকার শিশু তন্বী আক্তার (০৯) একই এলাকার ভাড়াটিয়া বাসিন্দা দিনমজুর টুনু পালোয়ানের মেয়ে। তন্বী নগরীর নবগ্রাম রোড ফজলে উলুম মাদ্রাসার নার্সারীর ছাত্রী ছিলো।
মামলার বরাতে ট্রাইব্যুনালের ষ্টোনোগ্রাফার মো. সাইফুল ইসলাম বলেন, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় শিশু কন্যা তন্বী আক্তার তার বাবাকে খুঁজতে বের হয়। পথের মধ্যে দণ্ডিত শাকিল খান শিশু তন্বীকে ফুঁসলিয়ে পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশু তন্বীর মুখ বেধে শাকিল, বাঘা ও ইমাম হোসেন পালাক্রমে ধর্ষণ করে।
পরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে নগরীর নবগ্রাম রোডের খান খান সড়কের পাশে একটি ডোবায় ফেলে রাখে। পরদিন শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুর বাবা টুনু পালোয়ান অজ্ঞাতদের আসামী করে কোতয়ালী মডেল থানায় ১৯ সেপ্টেম্বর মামলা করে। থানার এসআই মো. মশিউর রহমান তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
বিচারক মামলার ৩০ জনের মধ্যে ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে মামলার রায় দিয়েছেন। দণ্ডিতদের সাজা পয়োনায় জেলে পাঠানোর ও পলাতক বাঘার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানার আদেশ দিয়েছেন বিচারক।
