গৌরনদীতে নিখোঁজের ২ দিন পর নদীতে ভাসল যুবকের লাশ
আগস্ট ১৩ ২০২৩, ১৬:২৭
গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে নিখোঁজের দুই দিন পর আড়িয়াল খাঁ নদের মোহনা থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
রবিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মো. সালাউদ্দিন প্যাদা (৩৫) নামের ওই যুবকের মরদেহের সন্ধান মেলে। তিনি উপজেলার দিয়াশুর গ্রামের মৃত আ. জব্বার প্যাদার পুত্র। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।
সালাউদ্দিনের চাচা আবদুল হাকিম বলেন, আমরা তাকে খুঁজে না পেয়ে শনিবার গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। রবিবার নদীতে ভাসমান লাশের খবর আসে। কেন, কিভাবে নদীতে লাশ মিলল এ বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে ধারণা নেই বলে জানান।
স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সালাউদ্দিন মাঝেমধ্যে অটো চালাতেন। সম্প্রতি তিনি মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সালাহউদ্দিন নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া চলমান আছে।
