পাকিস্তানকে সহজেই হারাল বাংলাদেশ
নভেম্বর ১০ ২০২২, ২১:০৯
স্পোর্টস ডেস্ক :: মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার পাকিস্তান যুবা দলের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশের যুবারা। ৫০ ওভারের খেলায় স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে টাইগার যুবারা।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ২০২ রানে অলআউট হয় পাকিস্তান যুব দল। এদিন স্বাগতিদের হয়ে সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত থাকেন আরাফাত মিনহাজ। এছাড়া আরেক ব্যাটার উজাইর মুমতাজ করেন ৫৭ রান।
এর আগে টাইগার যুবা পেসার মারুফ মৃধার বোলিং তোপে দাঁড়াতেই পারেননি পাকিস্তান যুবাদের টপ অর্ডার ব্যাটাররা। বাংলাদেশের হয়ে মারুফ চারটি এবং মোহাম্মদ রাফিউজ্জামান দুটি উইকেট শিকার করেন।
২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই টাইগার ব্যাটার চৌধুরি মোহাম্মদ রিজওয়ান এবং আশিকুর রহমান শিবলি জোড়া হাফ সেঞ্চুরি করেন। এই দুই ওপেনার শুরু থেকেই তান্ডব চালাতে থাকেন পাক বোলারদের উপর। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১৬০ রান। রিজওয়ান বিদায় নেন ৮৬ বলে ৭৯ রানের ইনিংস খেলে। এই ওপেনারের বিদায়ের পরেই অবশ্য আশিকুরও ফেরেন৭৪ রান করে।
তিনে নামা জিসান আলমও টিকতে পারেননি বেশিক্ষণ, ফিরে যান ১১ রানে। পরবর্তীতে বাকিটা পথ পাড়ি দেন শাহরিয়ার সাকিব এবং আহরার আমিন। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ২৯ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ যুবা দল। সাকিব ১৮ এবং আমিন অপরাজিত ছিলেন ৭ রানে। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নিয়েছেন রাজা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল- ২০২/১০ (৪৫ ওভার) (আরাফাত ৭১*, উজাইর ৫৭; মারুফ ৪/৩৮, রাফি ২/২৮)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- ২০৫/৩ (৪০.১ ওভার) (রিজওয়ান ৭৯, আশিকুর ৭৪; রাজা ২/৪৪)
আমার বরিশাল/ আরএইচ
