একদিনে রেকর্ড ২৯৫৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

আগস্ট ১০ ২০২৩, ২০:৫১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে সর্বাধিক ২ হাজার ৯৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্য দিয়ে আগের দিন বুধবার ২ হাজার ৮৪৪ জন রোগী ভর্তি হয়ে যে রেকর্ড তৈরি হয়েছিল, তা ভাঙল।

রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ২৮ জনে। তার মধ্যে কেবল আগস্টের প্রথম ৯ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছিল ২৬ হাজার ১৯৬ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মশাবাহিত এই রোগে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩৬৪ জন দাঁড়িয়েছে।

বাংলাদেশে এর আগে কেবল ২০১৯ সালের এর চেয়ে বেশি লক্ষাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। আর মৃত্যুর সংখ্যা ৩৫০ ছাড়াল এবারই প্রথম। জুলাই মাস থেকে ঢাকার বাইরে সারা দেশেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। ফলে ভর্তি রোগী ও মৃত্যুর এই সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদফতর। দেশের বিভিন্ন হাসপাতালে নতুন-পুরাতুন মিলিয়ে ৯ হাজার ৭৯০ জন রোগীর চিকিৎসা চলছিল। তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ৪৬০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৫ হাজার ৩৩০ জন।

এ বছর ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছিল বর্ষা মৌসুমের আগেই। ভরা বর্ষায় জুলাই মাসে তা ভয়ঙ্কর রূপ নেয়। জুলাই মাসের ৩১ দিনেই হাসপাতালে ভর্তি হয় ৪৩ হাজার ৮৫৪ জন রোগী, মৃত্যু হয় ২০৪ জনের। এক মাসে আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যা এ বছরের মোট সংখ্যার অর্ধেকের বেশি। এছাড়া জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন এবং জুনে ৫ হাজার ৯৫৬ রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুনে ৩৪ জনের মৃত্যু হয়।

এ বছর এইডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মৃত্যু হয়েছে।

ডিএনসিসি হাসপাতালের অর্ধেক শয্যা খালি: ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় চাপ সামলাতে গত মাসে মহাখালীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা ডেডিকেটেড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল করা হয়। এখানে ডেঙ্গু রোগীরা নিয়মিত চিকিৎসা নিতে আসছে এবং চিকিৎসকের পরামর্শে ভর্তি হচ্ছে। তবে এক সপ্তাহ ধরে এখানে রোগীর চাপ অনেক কম। ফলে ৫০০ শয্যার হাসপাতালটিতে প্রায় অর্ধেক শয্যা এখন ফাঁকা আছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় আরও ৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। সবমিলিয়ে হাসপাতালটিতে ২৭৯ রোগী ভর্তি আছে। রোগী বেড়ে গেলে ৮০০ শয্যা চালুর প্রস্তুতি রাখা হয়েছে।

তেজগাঁও, নাখালপাড়া, মহাখালী, মিরপুর ও বাড্ডা এলাকা থেকে এই হাসপাতালে রোগী বেশি। প্রতিদিন হাসপাতালটিতে গড়ে ৪০০ থেকে ৪৫০ জন নতুন রোগী আসে। তাদের মধ্যে গড়ে ভর্তি হয় ৭০ থেকে ৮০ জন। পাশাপাশি প্রতিদিন সুস্থ হয়ে হাসপাতালও ছাড়ে ৭০ থেকে ৮০ জনের মতো। যে কারণে রোগীর চাপ তেমন একটা নেই বলে জানান সংশ্লিষ্টরা।

ডিএনসিসি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল একেএম জহিরুল হোসাইন খান বলেন, হাসপাতালে জনবলের ঘাটতি আছে। রোগী কম থাকলেই আমাদের জন্য ভালো। রোগী বাড়লে টোটাল চাপটা কিছু মানুষের ওপর এসে পড়ে।

তিনি বলেন, সাধারণত এলাকাভিত্তিক হাসপাতালে ভর্তি হতেই রোগী ও তাদের স্বজনরা স্বাচ্ছন্দ্যবোধ করেন। যেহেতু আমরা দেখছি ডেঙ্গুর প্রকোপটা বেশি মুগদা, যাত্রাবাড়ীসহ ওইসব এলাকায়, সে কারণে রোগীর সংখ্যাও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বেশি। সেখানে যদি সিট পাওয়া না যায় তাহলেই রোগীরা আমাদের হাসপাতালে আসে।

সংবাদটি শেয়ার করুন....