হাসপাতালে মৃতের রক্ত চেটে খাচ্ছে কুকুর!
আগস্ট ০৯ ২০২৩, ১৮:৪৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে মৃত রোগীর রক্ত চেটে খাচ্ছিল একটি কুকুর। এ ঘটনার একটি ভিডিও সোশ্যালে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে শোরগোল। ঘটনাটি ঘটেছে চন্দননগরের মহকুমা হাসপাতালে।
আনন্দবাজার অনলাইন জানিয়েছে, একটি মাল্টিপ্লেক্সের ক্যাপসুল লিফটে কাজ করার সময় পা ফসকে তিন তলা থেকে পড়ে যান এক শ্রমিক। তার মাথায় লোহার পাইপের আঘাত লাগে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
অভিযোগ উঠেছে, হাসপাতালের জরুরি বিভাগের সামনে ট্রলিতে ওই রোগীর মরদেহ কিছুক্ষণ পড়েছিল। এমন সময় তার শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত চেটে খাচ্ছিল একটি কুকুর। তবে কীভাবে হাসপাতালের জরুরি বিভাগে কুকুর ঢুকে পড়েছে, তা জানা যায়নি।
এ ঘটনার পর প্রশ্ন উঠেছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। চন্দননগরের বিজেপি সভাপতি গোপাল চৌবে বলেন, হাসপাতালটি এখন শ্মশানে পরিণত হয়েছে। এর আগেও এ ধরনের অনেক ঘটনা হয়েছে।
কুকুর হাসপাতালের ওয়ার্ডে-ওয়ার্ডে ঢুকে পড়ে। কেউ দেখার নেই। হাসপাতালের নিরাপত্তারক্ষীরাও দেখেন না। তবে এ বিষয়ে হাসপাতালের সুপার ধ্যানব্রত মণ্ড কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসতেই কুকুর তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে।
