দুই জোড়া যমজ ভাইবোন নিয়ে শিক্ষার্থীদের কৌতূহল

আগস্ট ০৭ ২০২৩, ১৯:৩০

আমার বরিশাল ডেস্ক,

ডেস্ক প্রতিবেদক ‍॥ একই শিক্ষাপ্রতিষ্ঠানের একই শ্রেণিতে যমজ ভাইবোনের পড়াশোনা করা নতুন কোনো ঘটনা নয়। কিন্তু দুই ভিন্ন পরিবারের দুই জোড়া যমজ ভাইবোন একইসঙ্গে পড়াশোনা করছেন এমন ঘটনা সচরাচর দেখা যায় না। এমন বিরল ঘটনাই দেখা গেল বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে। পৃথক দুটি পরিবারের যমজ ভাই ও বোন একই শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন।

তারা চারজন শেরে বাংলা মেডিকেল কলেজের ৫৪তম ব্যাচে ভর্তি হয়েছেন। গত ১ আগস্ট ৫৪তম ব্যাচের ক্লাস শুরু হয়। ক্লাস শুরুর দিনই সহপাঠীদের নজর কেড়েছে দুই জোড়া যমজ ভাইবোন। এরপর সময় যত গড়িয়েছে তাদের নিয়ে সহপাঠীসহ ক্যম্পাস সকলের কৌতূহল কেবল বেড়েছে।

ওই দুই ভাই এবং দুই বোনের চেহারা, চলন-বলন একই রকমের হওয়ায় সহপাঠীরাও তাদের আলাদা করতে পারছেন না বলে জানিয়েছেন।

যমজ দুই ভাই হলো তামিম হাওলাদার ও তাহমিদ হাওলাদার। তাদের আদি নিবাস বরিশালের বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়ায়। কিন্তু বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় কেটেছে তাদের শৈশব-কৈশোর।
শ্রেণিকক্ষে দুই যমজ ভাইবোন – সমকাল

এ ছাড়া দুই বোন স্বর্ণা হালদার ও বর্ণা হালদারের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পৌর শহরের চরহোগলায়। নদীবেষ্টিত জনপদ মেহেন্দীগঞ্জে বেড়ে উঠেছেন তারা। এমনকি উচ্চ মাধ্যমিক পর্যন্ত সেখানেই পড়াশোনা করেছেন।

স্বর্ণা-বর্ণার বাবা শ্যামল হালদার পেশায় একজন ওষুধ ব্যবসায়ী। এ ছাড়া তামিম-তাহমিনের বাবা একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত।

দুই বোন স্বর্ণা-বর্ণা জানান, মেহেন্দীগঞ্জে চিকিৎসকের সংকট বেশ প্রকট। বাবা ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত থাকায় ছোটবেলা থেকে বিষয়টি সম্পর্কে তাদের ধারনা ছিল। তাই স্কুলজীবন থেকে তারা চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন।

দুই ভাই তামিম-তাহমিদ জানান, তারা একে অপরের খুব ভালো বন্ধু।

শেরে বাংলা মেডিকেল কলেজের বায়োকেমেষ্ট্রি বিভাগের প্রভাষক ডা. রাশেদুজ্জামান জানান, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিতে এই প্রথম একসঙ্গে দুই জোড়া যমজ ভাইবোন ভর্তি হয়েছে। এর আগে ৪৪তম ব্যাচে যমজ বোন শিক্ষার্থী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....