ইসলামকে মহান ধর্মের স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

আগস্ট ০৫ ২০২৩, ১২:০১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইসলামকে মহান ধর্মের স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষে প্রস্তাব উত্থাপন করা হয়েছে। টেক্সাসের প্রতিনিধি আল গ্রিন প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইলহান ওমর, রাশিদা তাইয়িব এবং আন্দ্রে কারসন। খবর ডনের।

ওই সংবাদমাধ্যম বলছে, কংগ্রেসে এমন সময় এ প্রস্তাব উত্থাপন করা হলো-যখন ইসলামকে বিশ্ব ব্যাপী নতুন করে আবারও উগ্র ধর্ম হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। গ্রিনের এই প্রস্তাবটি গত ২৮ জুলাই গ্রহণ করে কংগ্রেস। প্রস্তাবটির লক্ষ্য হলো আমেরিকান সমাজে ইসলামের মাহাত্ম্য তুলে ধরা। প্রস্তাবটি পরে হাউস কমিটির ফরেন অ্যাফেয়ার্সে পাঠানো হয়।

প্রস্তাবে ইসলাম ও মুসলিমদের সাধারণ রীতিনীতি, আচার-আচরণ তুলে ধরা হয়েছে। এ ছাড়া বলা হয়েছে ইসলামের অর্থ হলো ‘সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করা’ এবং ‘শান্তি’।

টেক্সাসের আইনপ্রণেতা আলেকজান্ডার গ্রিন কংগ্রেসে পাকিস্তান রাজনৈতিক সমিতিরও একজন সদস্য। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রে মুসলিম দেশগুলোর শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে চেয়েছিলেন, সেই প্রস্তাবের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন গ্রিন। এ ছাড়া ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে ইসলামকে একটি উগ্র ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এটির বিরোধিতাও করেছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন....