মৃত শিক্ষিকাকে কোটি কোটি টাকার আয়কর নোটিশ!
আগস্ট ০৩ ২০২৩, ১৭:১৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের মধ্যপ্রদেশে এক স্কুল শিক্ষিকাকে সাত কোটি রুপির আয়কর নোটিশ পাঠানো হয়েছে। এতে অবাক বনে গেছে ওই শিক্ষিকার পরিবার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যে শিক্ষিকার নামে আয়কর নোটিশ পাঠানো হয় তিনি ২০১৩ সালেই মারা গেছেন।
শুধু ওই পরিবার নয়, বেতুল জেলার অন্তত ৪৪ জন এক কোটি থেকে ১০ কোটি রুপি পরিশোধের আয়কর নোটিশ পেয়েছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়েছে, উষা সোনি নামে ওই শিক্ষিকা পাটকেরা গ্রামে একটি সরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। গত ২৬ জুলার তার পরিবার আয়কর বিভাগ থেকে একটি নোটিশ পায়। সেখানে তার পরিবারকে সাত কোটি ৫৫ লাখ রুপি বকেয়া ট্যাক্স পরিশোধ করতে বলে।
উষার ছেলে পবন সোনি বলেন, আমার মা দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১৩ সালের ১৬ নভেম্বর মারা যায়। যে নোটিশ পাঠানো হয় তা ২০১৭-১৮ অর্থবছরের। নোটিশে ন্যাচারাল কস্টিং- নামে এক কোম্পানির নামও উল্লেখ করা হয়েছে।
পবন আরও বলেন, এ নিয়ে আমরা পুলিশে অভিযোগ করেছি। আমার মায়ের প্যান কার্ড (পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর) কেউ জালিয়াতি করে ব্যবহার করেছে কিন্তু আমরা সেই সম্পর্কে কিছু জানিও না।
নিতিন জৈন নামে এক ব্যক্তি, যার মাসিক আয় পাঁচ হাজার থেকে সাত হাজার রুপি। লোহার রড বিক্রির দোকানে তিনি কর্মী হিসেবে কাজ করেন। তাকেও এক কোটি ২৬ লাখ রুপি পরিশোধের আয়কর নোটিশ পাঠানো হয়েছে।
