বছরে ৯০ কোটি টাকার নতুন স্কুলভবন পেল লালমোহন

আগস্ট ০২ ২০২৩, ২১:০০

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার লালমোহনে ২০২২-২০২৩ অর্থ বছরে প্রায় ৯০ কোটি টাকার আধুনিক মডেলের স্কুল ভবন নির্মাণ করা হয়েছে।

‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)’ এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডির) বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের দুই থেকে তিনতলা বিশিষ্ট ১৯টি নতুন আধুনিক মডেলের ভবন নির্মাণ করা হয়েছে। যাতে ব্যয় হয়েছে প্রায় ২৫ কোটি টাকা।

এছাড়া বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্প (এমডিএসপি) এর আওতায় চারতলা ভিতবিশিষ্ট প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয়েছে ২২টি। এই ২২টি ভবন নির্মাণে ৬০ কোটি টাকার মতো ব্যয় হয়।

অন্যদিকে, গত এক বছরে শিক্ষাপ্রকৌশল অধিদফতরের আওতায় মাধ্যমিক পর্যায়ে আরো ৫ কোটি টাকার নতুন ভবন নির্মাণ করা হয় লালমোহন উপজেলায়। এতে করে শিক্ষকসহ কয়েক হাজার শিক্ষার্থীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে।

নতুন ভবন হওয়া স্কুলগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের জানান, নতুন ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ের পরিবেশ সুন্দর হয়েছে। যেখানে শিক্ষার্থীরা ভালোভাবে পড়ালেখা করতে পারছেন।

আর শিক্ষকরাও মনোরম পরিবেশে পাঠদান করাতে পারছেন শিক্ষার্থীদের। যাতে করে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি ও শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে।

লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতারুজ্জামান মিলন বলেন, গত এক বছর আগেও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ভবনগুলো ছিল জরাজীর্ণ।

তবে স্থানীয় এমপির আন্তরিকতায় শিক্ষার মান্নোয়নের লক্ষ্যে বেশ কিছু নতুন ভবন নির্মাণ সম্ভব হয়েছে।  আশা করছি; নতুন ভবন হওয়া বিদ্যালয়গুলোতে এখন শিক্ষকরা স্বাচ্ছন্দে শিক্ষার্থীদের পাঠদান করাতে পারছেন। যা উপজেলায় শিক্ষার মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।

এলজিইডির লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহা জানান, আমরা সর্বদা চেষ্টা করেছি নতুন বিদ্যালয়ের ভবনগুলোর কাজের মান যেন ঠিক থাকে।

স্থানীয় এমপির সহযোগিতায় আমরা তা সুন্দরভাবেই শেষ করতে পেরেছি। উপজেলাতে নতুন হওয়া বিদ্যালয় ভবনগুলো এখন যে কারও দৃষ্টি আকর্ষণ করছে।

এ বিষয়ে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের প্রতিটি খাতেই অসামান্য উন্নয়ন হয়েছে।

সে ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিন উপজেলাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ভিশন স্মার্ট বাংলাদেশ। আগামীর সেই স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দিবে মেধাবী ও স্মার্ট শিক্ষার্থীরা।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন সুন্দর ও মনোরম পরিবেশে পড়ালেখা করতে পারে সে জন্য গত এক বছরে কেবল লালমোহনেই প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ৯০ কোটি টাকার নতুন ভবন নির্মাণ করা হয়েছে।

আমি আশা করি; এসব নতুন বিদ্যালয় ভবনে শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে পড়ালেখা করে আগামীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন....