বরিশালে পাসের হারে শীর্ষে ভোলা
জুলাই ২৮ ২০২৩, ১৫:৪১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে এ বছর পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩১১ জন।
তবে গত বছর ছিল ৯ হাজার ৭৬৮ জন। এদিকে গতবারের মতো পাসের হারে শীর্ষ অবস্থানে রয়েছে ভোলা জেলা এবং সবার নিচে আছে পটুয়াখালী জেলা।
শুক্রবার (২৮ জুলাই) সকালে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।
ফলাফল পরিসংখ্যানে দেখা যায়, ভোলা জেলা ৯১ দশমিক ০৪ শতাংশ নিয়ে পাসের হার শীর্ষ অবস্থানে আছে; এই জেলায় গতবার পাসের হার ছিল ৯২ দশমিক ৫১ শতাংশ।
এরপর দ্বিতীয় অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাসের হার ৯১ দশমিক ০১ শতাংশ; যা গতবার ছিল ৯১ দশমিক ৮৩ শতাংশ।
এবার বরগুনা জেলাকে একধাপ পেছনে ফেলে তৃতীয় অবস্থানে রয়েছে বরিশাল জেলা। এ জেলার পাসের হার ৯০ দশমিক ৮৩ শতাংশ; গতবার ছিল ৯০ দশমিক ৫৪ শতাংশ।
চতুর্থ অবস্থানে থাকা বরগুনা জেলার পাসের হার ৮৯ দশমিক ১৮ শতাংশ; গত বার ছিল ৯০ দশমিক ৭৩ শতাংশ এবং সবার শেষে ষষ্ঠ অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাসের হার ৮৯ দশমিক ০৫ শতাংশ; গত বার ছিল ৮৪ দশমিক ২৩ শতাংশ।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ‘এ বছর পাসের হার বাড়লেও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। বরিশালে মোট পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ৯১ হাজার ৯৭৯ জন।
তাদের মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৯০ হাজার ১৯৬ জন। আর পাস করেছে ৮১ হাজার ৩৩৯ জন। এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বহিষ্কার হয়েছে ৪৫ জন।
তবে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান।’ তবে জিপিএ-৫ সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বলে জানান তিনি।।
এদিকে বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে এ বছর ১৪৭৭ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ২৩১ টি বিদ্যালয়ের শিক্ষার্থী শতভাগ পাস করেছে।
