আগৈলঝাড়ায় কারেন্ট জাল বিক্রির অপরাধে ২জনকে কারাদণ্ড
জুলাই ২৬ ২০২৩, ২০:০৮
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অপরাধে ২জনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
বুধবার বিকেলে কোটালীপাড়া উপজেলা মৎস্য অফিস ও আগৈলঝাড়া উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে কোটালীপাড়া উপজেলার সীমান্তবর্তী রামশীল বাজারে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে গোপন সংবাদ পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এর নেতৃত্বে মৎস্য অফিসের একটি দল তাদের ধাওয়া করে এবং কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সাইফুল ইসলাম ও কোটালীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজের নেতৃত্বে একটি পৃথক দল তাদের কাছ থেকে ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ জাল ব্যবসায়ী হরিনাটি গ্রামের শওকত গাজীর ছেলে সোহাগ গাজী ও সিতাইকুন্ড গ্রামের মোকাই শেখ এর পুত্র ইলিয়াস শেখকে আটক করা হয়।
এ সময় কোটালীপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক সরকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম এর নেতৃত্বাধীন মোবাইল কোর্টের মাধ্যমে দোষীদের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ২ জনকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
