বরিশালে কলেজছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় স্বজনদের কুপিয়ে জখম
জুলাই ১৫ ২০২৩, ১৬:১৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে কলেজছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ছুরি দিয়ে কুপিয়ে একই পরিবারের ৫ জনকে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৪ জুলাই) কেডিসি বালুরমাঠ এলাকায় রাত সাড়ে ১০টার সময় এঘটনা ঘটে।
আহতরা হলেন- সেলিম হাওলাদার (৪০) রায়হান (২০) মাকসুদা বেগম (৩৫) রাহাত (১৮) এবং ভিকটিম কলেজছাত্রী সেলিনা আক্তার (২৪)।
আহত মাকসুদা বেগম বলেন, আমার মেয়ে সেলিনা আক্তার কলেজে যাওয়ার পথে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও নানা ধরনের বাজে মন্তব্য করে একই এলাকার বাসিন্দা রেখার ছেলে শামীম।
এ ঘটনা আমার মেয়ে ঘরে এসে জানালে বিষয়টি আমি স্থানীয় কাউন্সিল এটিএম শহিদুল্লাহর কবিরকে অবহিত করি। কিন্তু শামীম ও তার পরিবার সমর্থক হওয়ায় তিনি বিষয়টির কোনো সুরহা করেননি।
পরে বাধ্য হয়ে সিটি নির্বাচনের পরে নবনির্বাচিত কাউন্সিলর জয়নাল আবেদীনকে অবহিত করি এবং বিষয়টি তিনি সমাধান করবেন আশ্বস্ত করেন। সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে গতকাল বখাটে শামীম পুনরায় উত্ত্যক্ত করেন।
আমরা জিজ্ঞাসা করতে গেলে রেখা ও তার ছেলে শামীম, মেয়ে সনিয়া, সালমা,সাকিবসহ আরও ৬/৭জন মিলে পরিবার এটিএম শহিদুল্লাহ’র কবিরের ক্ষমতার অপব্যবহার করে ও তার সহযোগিতায় আমার স্বামী সেলিম হাওলাদার ছেলে রায়হান, রাহাত, মেয়ে সেলিনা ও আমাকে ছুরি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
কর্তব্যরত চিকিৎসক জানান, আহত মাকসুদা বেগমের হাতে ছুরির আঘাত ও হাতে কামড়ের রক্তাক্ত জখম রয়েছে এবং সেলিমের হাতে ৬টি সেলাই দেওয়া হয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, শামীম মাদক সেবন করে বিভিন্ন সময় এলাকায় বিভিন্ন জনকে মারধরের ঘটনা ঘটায়। তবে কাউন্সিলর শহিদুল্লাহ কবিরের লোক হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি।
এভাবে চলতে থাকলে এলাকায় মানুষ শান্তিতে থাকতে পারছে না। তবে কাউন্সিলর কবির মাদক সেবনকারী শামিমের পক্ষ নেওয়ায় ও বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে হস্তক্ষেপ করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
এ ঘটনায় কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) আরাফাত হাসান বলেন, আহত সেলিম ও তার পরিবার রক্তাক্ত অবস্থায় থানায় এসেছিলো।
তাদের চিকিৎসা নিতে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আহতের পরিবার জানান, থানায় মামলা করার প্রস্তুতি চলছে।’
