নিজের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু
জুলাই ১৫ ২০২৩, ১০:৫৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে নিজের বিয়ের আলোকসজ্জ্বার বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর সেনাবাহিনী সদস্য স্বপন দে (৩০) নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামে এ ঘটনা ঘটে। সেনা সদস্য স্বপন দে বার্থী গ্রামের দ্বীপক দের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানার ওসি আফজাল হোসেন। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার রাতে সেনা সদস্য স্বপন দের বউকে আনতে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী সকল প্রস্ততি সম্পন্ন করা হয়।
সন্ধ্যার পর স্বপন দে নিজে বাড়ীর সামনে গেইটে আলোকসজ্জার লাইন দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ঢলে পড়ে। উপস্থিত বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই বরুন চন্দ্র জানান, স্বপন বিবাহ উপলক্ষে দশ দিনের ছুটি নিয়ে গত ১০ জুলাই কর্মস্থল যশোর সেনানিবাস থেকে বাড়িতে আসেন।
ওসি আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
