ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু
জুলাই ০৯ ২০২৩, ২০:১৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চলতি বছর দেশে এক দিনে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে। রোববার (৯ জুলাই) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৭৩।
এ বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় ৮৩৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে।
এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়। এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।
আগামী আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে ১২ হাজারের বেশি লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। দেশের ৫৭টি জেলায় ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে যত লোক ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তারমধ্যে ঢাকায় সবচেয়ে বেশি। মোট আক্রান্তের শতকরা ৬০ ভাগই ঢাকার বাসিন্দা। এখন সারা দেশেই বৃষ্টি হচ্ছে। পানি জমে থাকছে। এতে ডেঙ্গুর লার্ভা হওয়ার ঝুঁকি বাড়ছে। সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়ররা ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে কাজ করছে। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার সবধরনের ব্যবস্থা করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আড়াই হাজার লোক এখনো হাসপাতালে চিকিৎসাধীন। সবাইকে ডেঙ্গু নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়নের মৃত্যু হয়েছে। এ সময়ে ৮৩৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫১৬ জন ও ঢাকার বাইরে ৩২০ জন।
বর্তমানে সারাদেশে ২ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৬৮ জন ও ঢাকার বাইরে ৭৮২ জন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৯ জুলাই জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১২ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৩ জন।
