বিপিএলে বরিশালের হয়ে খেলবেন তামিম

জুলাই ০৮ ২০২৩, ২১:৩৩

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: স্বল্প সংস্করণ ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল।

আইকন ক্রিকেটার হিসেবে তাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। শনিবার এ তথ্য নিশ্চিত করেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী মিজানুর রহমান। তিনি বলেন,‘আজকে (শনিবার) তামিমের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।

ইনশাআল্লাহ আগামী বিপিএলে তামিম আমাদের দলে খেলবে। আইকন ক্রিকেটার হিসেবে ১ বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছি আমরা। তবে সে অধিনায়কত্ব করবে কিনা তা এখনই আমরা বলতে পারছি না।’

বিপিএলে সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের আইকন এবং অধিনায়ক হিসেবে খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অধিনায়কত্বে ফরচুন বরিশাল ২০২২ বিপিএলের ফাইনালে খেলেছিল। যদিও শেষ পর্যন্ত দলটি শিরোপা জিততে পারেনি।

এছাড়া সর্বশেষ ২০২৩ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল। তবে শেষ চারে হেরে বাদ পড়ায় সাকিবের একাগ্রতা নিয়ে প্রশ্ন তোলেন ফ্র্যাঞ্চাইজিটির কর্মকর্তারা।

যে কারণে বিষয়টি ইতিবাচকভাবে নেননি বিশ্বসেরা অলরাউন্ডার। তাই তিনি আগামী মৌসুমে বরিশালের জার্সি গায়ে না জড়ানোর সিদ্ধান্ত নেন। গত কয়েকদিন আগেই সাকিব যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে।

ফলে তার শূন্যস্থান পূরণে এবার দেশের ক্রিকেটের আরেক তারকা তামিম ইকবালকে বেছে নিয়েছে ফরচুন বরিশাল। আগামী বছরের ৬ ফেব্রুয়ারি পরবর্তী বিপিএল মাঠে গড়ানোর কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে তা পিছিয়ে যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন....