আগৈলঝাড়ায় পর্ণোগ্রাফি মামলায় বখাটে চাচাতো ভাই গ্রেপ্তার

জুলাই ০৫ ২০২৩, ২১:৩৭

আমার বরিশাল ডেস্ক,

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধুর দায়ের করা পর্ণোগ্রাফি মামলায় প্রধান অভিযুক্ত বখাটে চাচাতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, গৌরনদী উপজেলার বার্থী গ্রামে বিয়ে দেয়া মেয়ে (১৯) কদিন আগে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসে। গত সোমবার দুপুরে ওই গৃহবধু বাড়ির পুকুরে গোসল করতে যায়।

এ সময় একই বাড়ির কাজী আজাদের ছেলে গৃহবধুর চাচাতো ভাই কাজী ফিরোজ (২২) গোপনে ওই গৃহবধুর গোসল করা ও কাপড়চোপর পাল্টানোর নগ্ন ভিডিও দৃশ্য তার নিজের ফোনে ধারণ করে। এর আগে বিভিন্ন সময়ে বখাটে ফিরোজ তার চাচাতো বোনকে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলো।

সোমবার রাতেই বখাটে ফিরোজ গোসলের ভিডিও ওই গৃহবধুর ম্যাসেঞ্জারে পাঠিয়ে তাকে রাতে ফিরোজের সাথে দেখা করতে বলে। গৃহবধু ফিরোজের কথায় রাজি না হলে ফিরোজ ওই নারীর ম্যাসেঞ্জারে ফোন দিয়ে তার কাছে ২লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তার অশ্লীল ভিডিও ইন্টারনেটের ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।

বিষয়টি ওই গৃহবধু তার স্বামী ও বাবার পরিবারের লোকজনের কাছে খুলে বলে। পরিবারের লোকজন ঘটনায় অভিযুক্ত ফিরোজের পরিবারের কাছে জানালে ফিরোজের বাবা কাজী সাহাদাৎ হোসেন (৬০) ও ফিরোজের বড় ভাই কাজী তুষার (২৬) অভিযোগ আমলে না নিয়ে বরং তারা ফিরোজের ধারণ করা ভিডিওটি গোপন করার চেষ্টা করে।

স্থানীয়ভাবে বিচার না পেয়ে ভুক্তভোগী গৃহবধু ফিরোজকে প্রধান অভিযুক্ত করে তাকে সহায়তার জন্য বাবা ও ভাইকে আসামী করে মঙ্গলবার রাতে ২০১২সালের পর্ণোগ্রাফি আইনের ৮(১)/৮(২)৮(৩)/৮(৭) ধারায় মামলা দায়ের করে, নং-৪ (৪.৭.২৩)। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতেই প্রধান আসামী কাজী ফিরোজকে (২২) গ্রেফতার করে বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করেছে।

সংবাদটি শেয়ার করুন....