মিনায় রাস্তা ভুলে নিখোঁজ ধর্ম প্রতিমন্ত্রী!

জুলাই ০২ ২০২৩, ১৩:০৫

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সৌদি আরবে হজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। মিনায় রাস্তা ভুলে নিখোঁজ হন তিনি। পরে অবশ্য নিখোঁজের পাঁচ ঘণ্টা পর সরকারি দলের সহায়তায় তাকে খুঁজে বের করা হয়।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চারজন মন্ত্রীসহ ধর্ম প্রতিমন্ত্রীর খোঁজ করছিলেন সরকারের প্রতিনিধিদলের প্রায় সাড়ে ৫০০ সদস্য। পরে ৫ ঘণ্টা পর খোঁজ মেলে মো. ফরিদুল হক খানের।

প্রতি বছরই এমন ঘটনা ঘটে জানিয়ে বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া হাজিদের আত্মীয়স্বজনকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানান শাহাদাত হোসাইন তসলিম।

তিনি আরও বলেন, ‘দুই শতাধিক হাজি হারিয়ে যাওয়ার তথ্য আমরা পেয়েছিলাম। তাদের মধ্যে বেশির ভাগ হাজিকে খুঁজে বের করে দু-এক ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ৫৫ জন হাজির খোঁজ মেলেনি। দ্রুত সময়ে তাদের পাওয়া যাবে বলে আশা করি।’

জানা গেছে, গত মঙ্গলবার (২৭ জুন) নিখোঁজ ও উদ্ধারের এ ঘটনা ঘটে। ব্যক্তিগত মোবাইল ফোন হারিয়ে ফেলায় তার সঙ্গে থাকা পানি উপমন্ত্রী এনামুল হক শামীমসহ অন্যদের হারিয়ে ফেলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

সংবাদটি শেয়ার করুন....