বরগুনায় নির্মাণাধীন স্থাপনা সিলগালা
জুন ২৬ ২০২৩, ১৯:৫৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার তালতলীতে সরকারী খাল দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে ওই ভবনটি সিলগালা করে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ভবন মালিককে পাকা স্থাপনা ভেঙে ফেলার জন্য ২০ দিনে সময় দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জুন) বিকাল ৩টার দিকে উপজেলা শহরে ভূমি অফিসের সামনে অবৈধ পাকা স্থাপনাটি সিলগালা করে দেওয়া হয়।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার শহরের পাশেই গুরুত্বপূর্ণ খাল দখল করে এলাকার স্থানীয় প্রভাবশালী মো. নাজিম অবৈধ পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন।
এরইমধ্যে তিনি গোপনে তিন তলা ভবন নির্মাণ কাজ শেষ করেছেন ও চার তলা নির্মাণ কাজ চলছে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশন (ভূমি) সিফাত আনোয়ার তুমপা ঘটনাস্থালে এসে অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে দেন।
একই সাথে অবৈধ ভবনটি সিলগালা করে দেন। ভবন মালিক ২০ দিনের ভেতর অবৈধ স্থাপনাটি ভেঙে বা সড়িয়ে ফেলবে বলে মুছলেকা দিয়ে যায়। এদিকে খালের নাব্যতা ফিরিয়ে আনার জন্য খাল দখল করা সব স্থাপনা ভেঙে দেওয়ার দাবি জানান স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশন (ভূমি) সিফাত আনোয়ার তুমপা বলেন, গোপনে স্থাপনাটি সরকারি জায়গায় অবৈধভাবে তোলা হয়েছে।
ভবন মালিক এমনভাবে কাজ করেছেন যে বাহির থেকে বোঝা যায় না তিনি অবৈধ স্থাপনা নির্মাণ করছেন। আজকে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে এসে এটি সিলগালা করে দেওয়া হয়েছে।
ভবন মালিককে ২০ দিনের সময় দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা ভেঙে ফেলবে। যদি তিনি ভেঙে না ফেলেন তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন,খালের ওপর অবৈধভাবে নির্মিত সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।
