বাউফলে সাংবাদিকের বসতঘরে হামলা, ভাংচুর আহত-২
জুন ২৬ ২০২৩, ১৯:৪২
বাউফল ( পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের সদস্য ও উপজেলার কালাইয়া ডকইয়ার্ড এলাকায় স্থানীয় বাসিন্দা সাংবাদিক তৌহিদ হোসেন উজ্জলের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।
এ সময় সাংবাদিক উজ্জলের স্ত্রী শিল্পী বেগম(৩০) ও তার মেয়ে উম্মে হাবিবাকে (১৩) মারধর করা হয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
সাংবাদিক উজ্জল জানান, ঘটনার সময় তিনি কালাইয়া বন্দরের লঞ্চ ঘাট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। স্ত্রী শিল্পীর ফোন পেয়ে তিনি বাড়ি চলে যান।
তার সামনেই প্রতিবেশী বশার খান ও তার ছেলে মেহেদীর নেতৃত্বে ৪-৫ জন ধারালো দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বসত ঘরে হামলা চালিয়ে বাড়ির সীমানার বেড়া, ঘরের জানালা ও বাথ রুমের সেফটি ট্যাংক ভাংচুর করে
। জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ বিষয়ে অভিযুক্ত বশার খান অভিযোগ অস্বীকার করে বলেন,‘ এ ঘটনার সাথে তিনি বা তার পরিবারের কোন সদস্য জড়িত নয়।
এদিকে একটি প্রভাবশালী মহলের পরামর্শে ঘটনাটি ধামাচাপা দিতে বশার সাংবাদিক উজ্জ্বল ও তার পরিবারের লোকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিলেচ চেষ্টা করছেন বলে জানাগেছে।
বাউফল থানার ওসি আরিচুল হক বলেন,‘ ঘটনা শুনেছি। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উজ্জলকে অভিযোগ দেয়ার কথা বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
