পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সংকেত

জুন ১০ ২০২৩, ১২:২৭

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি ঘনীভূত হয়ে সুস্পট লঘুচাপ আকারে একই স্থানে অবস্থান করছে।

এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন। উপকূলের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

শনিবার (১০ জুন) সকালে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে।

বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।

সকল মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ মাছধরা ট্রলার নিরাপদে রয়েছে বলে জানিয়েছে মৎস্য ব্যবসায়ীরা।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টিপাত আরও বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন....