সুগন্ধা নদী থেকে বালু উত্তোলন, দুই ব্যবসায়ীকে জরিমানা

জুন ০৬ ২০২৩, ১৮:০০

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যবসায়ীকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের এ জরিমান করা হয়। নলছিটির সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় অভিযানটি পরিচালনা করেন।

জরিমানা প্রাপ্তরা হলেন, পটুয়াখালীর কেশবপুর এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪৭) ও বরিশাল বানারিপাড়ার রাজ্জাকপুর এলাকার মাহাবুব ডাকুয়ার ছেলে রিমন ডাকুয়া (২০)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাসির হাওলাদারকে ৫ লাখ ও রিমন ডাকুয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খননযন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন....