সংঘাত নয়, বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

মে ২৯ ২০২৩, ১৪:২৯

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ সবসময় শান্তিতে বিশ্বাস করে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংঘাত নয় শান্তি চাই। যে কোনো সংঘাত আলোচনায় সমাধান চাই। অস্ত্র প্রতিযোগিতা আমরা চাই না।

সোমবার (২৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সংঘাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশু। বাংলাদেশ সবসময় শান্তিতে বিশ্বাস করে। শান্তির জন্য যা যা করার দরকার, বাংলাদেশ তাই করবে।

প্রধানমন্ত্রী বলেন, গত ৩৫ বছর ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। যেসব জায়গায় অন্য দেশ শান্তিরক্ষী পাঠাতে চায়নি, বাংলাদেশ সেসব জায়গাতেও শান্তিরক্ষী প্রেরণ করেছে। তাই শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম।

তিনি আরও বলেন, শুধু বিশ্ব শান্তি রক্ষা নয়, নিজের দেশেও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করছি আমরা। ২০০৮ সালের পর থেকে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে এবং স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশ আছে বলেই আমরা এগিয়ে যাচ্ছি। স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশই পারে একটি দেশকে উন্নয়নশীল করতে। আমরা চাই, ২০৪১ সালের মধ্যে এই বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। সেজন্য স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন।

আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবো। ফলে আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রতিটি বাহিনী ও মানুষের জীবনমান উন্নত করার চেষ্টা করছি, বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে হতদরিদ্র এখন ৫ দশমিক ০৭ শতাংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়েছে। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমাদের লক্ষ্য- দেশে আর কোনো হতদরিদ্র থাকবে না। এটা আমরা দূর করবো। দেশে একটি মানুষও ভূমি ও গৃহহীন থাকবে না।

সংবাদটি শেয়ার করুন....