বরিশালে থানা হাজতে ছাত্রলীগ নেতাদের ছবি ভাইরাল, এসআই ক্লোজড

মে ১৫ ২০২৩, ২১:৩১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে গ্রেফতার হওয়া মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইচ আহমেদ মান্না ও তার অনুসারীদের থানা হাজতে শুয়ে থাকার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় কাউনিয়া থানার সেকেন্ড অফিসার এসআই সাইদুল হককে ক্লোজ করা হয়েছে।

সোমবার (১৫ মে) সকাল থেকে ছবিটি ফেসবুকের নিউজ ফিডে ভাসে। এর আগে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা হাজতে ছবিটি তোলা হয়।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের তিন কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও কুপিয়ে জখম করার মামলায় তারা গ্রেফতার হন।

ছবিটিতে দেখা যায়, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইচ আহমেদ মান্না ও তার অনুসারীরা থানা হাজতে শুয়ে ও বসে আছেন। এর আগে মান্নাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার সময় আরো একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়।

ওই ছবিতে দেখা যায়, অভিযান পরিচালনাকারী কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হক মান্নাকে গাড়িতে বসিয়ে হাসি দিয়ে সেলফি তুলেছেন। এ ছবি দুটি এখন বরিশাল নগরীর টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, থানার এমন একটি ছবি ভাইরাল হয়েছে, যেটা ঊর্ধতন কর্মকর্তাদের নজরে এলে ও তদন্তের স্বার্থে এসআই সাইদুল হককে ক্লোজ করা হয়েছে।

উল্লেখ্য, রোববার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বাশেরহাট খোলা এলাকা থেকে নৌকার প্রধান কার্যালয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের তিন সমর্থকের পথরোধ করেন ছাত্রলীগ নেতা মান্না ও তার অনুসারীরা।

এ সময় মান্না তাদের ওপর পিস্তল ঠেকান ও তার অনুসারীরা বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। হামলায় আহতরা হলেন নৌকার কর্মী হালিম, মনা ও জাহিদুল।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত মনা রাতেই মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইচ আহমেদ মান্নাসহ ২১ জন নামধারী ও অজ্ঞাতপরিচয় ৫০ জনকে আসামি করে কাউনিয়া থানায় মামলা করেন।

মামলার পরপরই কাউনিয়া থানাপুলিশ গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মান্নাসহ ১০ জনকে গ্রেফতার করে। এরপর সকালে র‌্যাব আরো তিনজনকে গ্রেফতার করে কাউনিয়া থানায় সোপর্দ করে।

সংবাদটি শেয়ার করুন....