ফেসবুক থেকে আগ্নেয়াস্ত্রের ছবি সংগ্রহ করে পোস্ট, বিপাকে যুবক

মে ১৩ ২০২৩, ২০:০২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফল উপজেলায় আসাদুজ্জামান বাবু মৃধা (৩৭) নামের এক যুবক নিজের ফেসবুক আইডিতে আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করেন। মুহূর্তেই ফেসবুকের ওই ছবি ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান, আসাদুজ্জামান উপজেলার বগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাপলাখালী গ্রামের মো. মোফাজ্জেল মৃধা ওরফে মোফা মৃধার ছেলে।

তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শুক্রবার আসাদুজ্জামান তার নিজের ফেসবুক আইডি থেকে হাতের উপরে রাখা একটি আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করেন। কেন বা কী কারণে আগ্নেয়াস্ত্রের ছবি ফেইসবুকে পোস্ট করেন, তা লেখা ছিল না।

আসাদুজ্জামান বলেন, ‘ফেসবুক থেকে ওই আগ্নেয়াস্ত্রের ছবি সংগ্রহ করে টিকটক হিসেবে ফেসবুকে পোস্ট দেই। পরে আমার ভুল বুঝতে পেরে ছবিটি ডিলিট করে দিয়েছি।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, আগ্নেয়াস্ত্রের ছবি ফেসবুকে পোস্ট করার বিষয়টি জেনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ গ্রাম থেকে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....