কুয়াকাটার সব হোটেল আশ্রয়কেন্দ্র ঘোষণা
মে ১৩ ২০২৩, ১৯:২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় জেলা পটুয়াখালীতে। শনিবার (১৩ মে) সারা দিনই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। একইসঙ্গে বাতাসের চাপ বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় মোখা আজ রাতে কিংবা আগামীকাল বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। এমন অবস্থায় পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থানরত সকল আবাসিক হোটেল আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এমএ মোতালেব শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতি বছর কমবেশি ঘূর্ণিঝড় আঘাত হানে উপকূলীয় এই এলাকায়।
তাই সাধারণ মানুষের নিরাপত্তায় আমরা ঝুঁকিপূর্ণ সময়টাতে বেশিরভাগ হোটেল-মোটেল খুলে দেওয়ার ব্যবস্থা করি। ঘূর্ণিঝড় মোখার ক্ষেত্রেও সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে রাতে পরিস্থিতি খারাপ হলে সবাই হোটেলে আশ্রয় নিতে পারবেন।’
পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, ‘মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়াচ্ছে। এর প্রভাবে কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় সন্ধ্যার পর থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।’
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ‘কুয়াকাটার আবাসিক হোটেলগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। বর্তমানে কুয়াকাটায় যেসব পর্যটক রয়েছেন, তাদের সৈকতে নামতে দেওয়া হচ্ছে না।’
