পটুয়াখালীতে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ৬ ইউনিট
মে ০৩ ২০২৩, ২১:২০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী পৌর শহরের মিঠা পুকুরপাড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ মে) সন্ধ্যা ছয়টার দিকে হারুন মুন্সি নামের এক ব্যক্তির তেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও স্থানীয়দের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত আগুন জ্বলছিল।
জানা যায়, আগুন লাগার পর বাতাসের চাপে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় রাস্তার দুপাশের অর্ধশতাধিক দোকানপাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এসময় কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
এদিকে সংস্কার করার লক্ষ্যে মিঠাপুকুর শুকিয়ে ফেলায় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে সময় লাগার কারেণে ক্ষতির পরিমাণ অনেকটা বেড়েছে। এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস পটুয়াখালীর ওয়্যারলেস অপারেটর মো. ফারুক আমারবরিশালটুয়েন্টিফোরকে জানান, সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।
তাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ৫ টি ইউনিট ঘটনাস্থলের কাছাকাছি রয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ হওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ ও উদ্ধার কাজ চালাবেন।
