আ.লীগ নেতাকে মারধর করে পুকুরে ফেলে দিলো ছাত্রলীগ!
মে ০৩ ২০২৩, ১৩:৪৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদারীপুরের রাজৈরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুস সালামকে (৫০) মারধরের পর মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ মে) দুপুরে রাজৈর উপজেলা পরিষদে মারধরের এ অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে খন্দকার আব্দুস সালাম মোটরসাইকেলে জমি রেজিস্ট্রেশনের জন্য উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে যান।
সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের প্রবেশ করতেই মোটরসাইকেল গতিরোধ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান ওরফে পিয়াল।
পরে পিয়ালের ভাই আশিকুর রহমান ওরফে পাভেলসহ ১০ থেকে ১২ জন খন্দকার আব্দুস সালামকে বেধড়ক মারধর করে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেয়। পরে সালামের ব্যবহত মটরসাইকেলটিও পুকুরে ফেলে দেয়া হয়।
পরে স্থানীয় লোকজন খন্দকার আব্দুস সালামকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আব্দুস সালামকে মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সুপারিশ করে কর্তব্যরত চিকিৎসকরা।
মারধরের শিকার খন্দকার আব্দুস সালাম বলেন, আমার একটি জমির দলিল নিতে উপজেলা সাব রেজিস্ট্রারের অফিসে গেলে পল্লবী নেতৃত্বে আমার উপর অর্তকিত হামলা চালানো হয়।
এ হামলায় অংশ নেয় ১০ জনের বেশি। পরে আমাকে মারধর করে পুকুরে ফেলে দেয়। পরে আমার মোটরসাইকেলটিও পুকুরে ফেলে দেয়।
মারধরের অভিযোগের বিষয়টি অস্বীকার করে রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান ওরফে পিয়াল মুঠোফোনে মারধরের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন,‘পল্লবী ও তার ছেলে পিয়াল এরা কেউ আওয়ামী লীগ বা দলের কোন অঙ্গসংগঠনের সঙ্গে নাই। তারা স্থানীয় সংসদ সদস্য শাজাহান লীগের কর্মী। এরাই উপজেলায় হাঙ্গামা মারামারি করে পরিবেশ নষ্ট করে আসছে।
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ বলেন, রাজৈরে আওয়ামী লীগের দুটি পক্ষ। একটি পক্ষ জেলা আওয়ামী লীগের সভাপতির অন্যটি স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের। মারধরের শিকার জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দি আহম্মেদ মোল্লার অনুসারি।
তাকে যারা মারধর করেছে তারা সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী। খন্দকার আব্দুস সালামকে চরথাপ্পর ও কিল-ঘুষি মারা হইছে। তার হার্টে ওপেন সার্জারি করা। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
