বরিশালে স্পিডবোট ঘাট দখলে মরিয়া একটি গ্রুপ!

এপ্রিল ১৮ ২০২৩, ১৬:০৪

আমার বরিশাল ডেস্ক,

ডেস্ক প্রতিবেদক: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই পাল্টে গেছে রাজনৈতিক চিত্র। নগরীর বিভিন্ন ওয়ার্ডে মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেউ কেউ আবার মোটরসাইকেল মহড়াও শুরু করেন। তারা সকলেই বরিশাল সদর আসনের সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর অনুসারী। যারা ইতিমধ্যে নগরীতে সাদিক বিরোধী হিসেবেও পরিচিত।

সেদিন বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র ব্যাণারে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। নগরীর ২৬নং ওয়ার্ডে ওয়ার্ডের কালিজিরা ও টিয়াখালী এলাকায় দুটি ব্যানারে সাদিক আব্দুল্লাহর ছবি ছিরে ফেলার এ অভিযোগ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির।

জানা যায়, সাদিক আব্দুল্লাহ’র অনুসারীরা এতোদিন নগরীর যেসকল গুরুত্বপূর্ণ জাগয়াগুলো নিয়ন্ত্রণ করতেন সেগুলো দখলে নিতে ইতিমধ্যে মরিয়া হয়ে উঠেছে একটি গ্রুপ। যার মধ্যে নগরীর ডিসিঘাট সংলগ্ন স্পিডবোট ঘাটটিও দখলের চেষ্টায় স্থানীয় একটি গ্রুপ। শনিবার রাত থেকে কীর্তনখোলা নদীর ডিসি ঘাটের স্পিডবোট ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা দেখা দেয় মেয়রপন্থিদের সঙ্গে সাদ্দাম হোসেন শাহ ও তার অনুসারীদের। এসময় ঘাটে চাঁদাবাজীর অভিযোগ আনেন তারা।

তারেক শাহ জানান, উদ্দেশ্যপ্রণোদিতভা‌বে মহানগর আওয়ামী লী‌গের শিল্প ও বা‌ণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হো‌সেন টুটুল আমা‌দের মা‌লিকানাধীন ১০টি স্পিডবোট বন্ধ ক‌রে দেয় এখানে। তারপর থে‌কে আমরা মানবেতর জীবনযাপন পালন করা শুরু ক‌রি। তাই বাধ্য হয়ে আমরা ঘাটে অবস্থান নিয়েছি। এখানকার বোট মা‌লিকের একটাই দাবি চাঁদাবাজ মুক্ত হোক স্পিডবোট ঘাট।

১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লী‌গের বহিস্কৃত সাধারণ সম্পাদক শেখর দাস খোকন বলেন, সাত মাস ধরে আমাদের বোট বন্ধ করে দিয়েছেন নিরব। আমরা প্রতিবাদ করায় আমাদের চাঁদাবাজ বানাইয়া দিয়েছে। কিন্তু এখন এখান থেকে প্রতিদিন ১০-১৫ হাজার টাকা চাঁদাবাজি হয় হরদমে।

অনুসন্ধানে জানা যায়, গত বেশ কয়েক বছর ধরে ওই ঘাটটি নিয়ন্ত্রণ করে আসছেন ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখর দাস ও তারেক শাহ নামে এক ব্যাক্তি। স্থানীয় প্রভাব খাটিয়ে তারেক শাহ দীর্ঘদিন ধরে নানা ভাবে সাধারণ বোট মালিকদের হয়রানী করে রাখতেন। তার কাছেই জিম্মি ছিলেন সকল মালিক ও চালকরা। নিজেকে ওই ঘাটের লাইনম্যান হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপনও দিতে দেখা গেছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে আওয়ামী লীগ নেতা পরিচয় দিতেও দেখা গেছে তারেককে। কয়েকমাস পূর্বে মেয়র সাদিক আব্দুল্লাহর কাছে সাধারণ চাকলদের অভিযোগের ভিত্তিতে মেয়র ঘাটটি বন্ধের নির্দেশ দেয়। পরে চাঁদাবাজ তারেককে ওই ঘাট থেকে সরিয়ে মেয়র তার এক অনুসারীকে ঘাটটি পরিচালনার নির্দেশ দেয়। সেই থেকেই তারেক ও তার সহযোগী সাদ্দামের সকল চাঁদাবাজী ও নৈরাজ্য বন্ধ হয়ে যায়। এছাড়া শেখর দাস খোকন ফুটপাতে চাঁদাবাজীসহ নানা কারনে বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত। আর এই চাঁদাবাজীর কারনে ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদের সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করারও নির্দেশ দিয়েছেন মহানগর আওয়ামী লীগ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্পিডবোট মালিক ও চালকরা জানান, তারেক শাহ ও সাদ্দাম শাহ দীর্ঘদিন আমাদের চুষে খেয়েছে, তার ইচ্ছেমতো সিরিয়াল দিতো, তাকে যে টাকা বেশি দিতো তার সিরিয়াল বার বার দেয়া হতো আর যে টাকা দিতো না তার সিরিয়াল কোনদিন হইতো না। এছাড়া বিভিন্ন ভাবে সে আমাদের কাছ থেকে চাঁদা নিতো। আমরা এর প্রতিবাদ করলেই তারা গায়ে হাত তুলতো, স্থানীয় মহিলাদের দিয়ে হয়রানি করতো। আমরা মেয়র সাদিক আব্দুল্লাহ’র কাছে আমাদের কষ্টের কথা বলার পরে তিনি চাঁদাবাজদের তাড়িয়ে দিয়েছেন কিন্তু আবারও তারা ঘাট চালাতে মরিয়া হয়ে উঠছে, এতে আমাদের অনেক পরিবারকে না খেয়ে মারা যেতে হবে।

এবিষয়ে মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয় সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, ‘স্পিডবোট ঘাটে আমার কোনো বিষয় নেই। সেখানে চলাচলকারী স্পিডবোটগুলো দিয়ে ৪শ-৫শ টাকা করে চাঁদা নিত তারেক, সাদ্দাম ও তার লোকজন। বিষয়টি সম্পর্কে মেয়র মহোদয়ের কাছে অভিযোগ গেলে তিনি চাঁদাবাজ সাদ্দামের স্পিডবোটগুলোর চলাচল বন্ধ করে দেন। একই সঙ্গে চাঁদাবাজিমুক্ত করা হয় স্পিডবোট ঘাট। কেবল কর্মচারীদের বেতন বাবদ ১শ টাকা করে নেওয়া হতো। মেয়র মহোদয় মনোনয়ন পাননি শুনেই পুরোনো চাঁদাবাজরা আবার ঘাট দখলে নিয়ে চাঁদাবাজি শুরু করেছে। তারা যদি মনে করে মেয়র সাদিকের রাজনীতি শেষ তাহলে ভুল করবে। কী পেলেন না পেলেন সেই হিসাব করে নয়, সেরনিয়াবাত পরিবারের সন্তান সাদিক আব্দুল্লাহ আওয়ামী লীগের নেতা হয়ে রাজপথে থাকবেন।’

অন্যদিকে নগরীর রূপাতলী আলফা স্ট্যান্ড, নতুল্লাবাদ বাস টার্মনালের নিয়ন্ত্রণ নিতে ইতিমধ্যে পৃথক দুটি গ্রুপ মহড়া দিয়েছেন। রূপাতলীতে সুমন মোল্লা ও নতুল্লাবাদে শ্রমিকলীগ নেতা আফতাব উদ্দিনের নেতৃত্বে এ মহড়া হয়।

সংবাদটি শেয়ার করুন....