লালমোহনে ১ হাজার ৬৯৫ জেলের মাঝে চাল বিতরণ
এপ্রিল ১১ ২০২৩, ১৫:৩২
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনের ১ নং বদরপুর ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১ হাজার ৬৯৫ জন জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার। উদ্বোধনকালে তিনি বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নির্দেশে জেলেদের বরাদ্দের চাল সঠিক সময়ে বিতরণ করা হচ্ছে।
যাতে করে চলমান নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞায় জেলেদের কষ্ট পেতে না হয়। আশা করছি এ চাল পেয়ে কর্মহীন জেলে পরিবারগুলোতে অনেকাংশে স্বস্তি ফিরবে। এদিকে, নিজেদের বরাদ্দের চাল পেয়ে খুশি জেলেরা।
তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলায় কর্মহীন হয়ে পড়েছি। সঠিক সময়ে এ চাল পাওয়ায় পরিবার পরিজন নিয়ে কিছুদিন একটু ভালো থাকতে পারবো।
