বরিশালে একদিনে তিনজনের লাশ উদ্ধার
এপ্রিল ০৫ ২০২৩, ২০:১৮
নিজস্ব প্রতিবেদক ॥বরিশাল জেলার উজিরপুর থেকে নিখোঁজের দুইদিন পর এক কৃষক ও গৌরনদী থেকে কলেজ ছাত্রীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ও দুপুরে উদ্ধার করা তিন লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, সুন্দরদী মহল্লার নিজ বাড়ি থেকে বুধবার দুপুরে ইতি আক্তার (২০) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ইতি ওই মহল্লার মানিক শরীফের মেয়ে ও নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলো। বুধবার দুপুরে বসতঘরের দোতালার আড়ার সাথে ইতির ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যরা থানা পুলিশকে খবর দেয়।
অপরদিকে বোরো ক্ষেতের ইঁদুর মারার জন্য স্বামী সোহরাব মীরের পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন স্ত্রী রাশিদা বেগম (৫০)। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে গৌরনদী উপজেলার আহম্মেদকাঠী গ্রামে। রাশিদা বেগম ধান ক্ষেতের পাশের লাউ গাছ থেকে লাউ আনতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষণা করেন।
এছাড়া নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতের মধ্য থেকে হেমন্ত লাল হালদার (৭০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার বরাকোঠা গ্রামের হরিমার্কেট সংলগ্ন বাড়ৈ বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত হেমন্ত লাল হালদার ওই গ্রামের মৃত হরেন্দ্রনাথ হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মো. কামরুল হাসান বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে লাশটি ধানক্ষেতে ফেলে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
