‘হোলিতে না গেলে বউ রাগ করবে’, পুলিশকর্মীর ছুটির আবেদন ভাইরাল

মার্চ ০৯ ২০২৩, ১২:০৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কর্মস্থল থেকে ছুটি পেতে কর্মীরা নানা কারণে আবেদনপত্র দিয়ে থাকেন। অসুস্থতা, অনুষ্ঠান, বেড়ানোসহ অনেক রকম কারণ থাকে সেই ছুটির আবেদনে।

তাই বলে স্ত্রীর রাগ ভাঙাতে ছুটির আবেদন করার উদাহরণ কমই দেখা যায়। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। সেখানে অশোক কুমার নামের এক পুলিশ সদস্য এমনই এক ব্যতিক্রমী ছুটির আবেদন জানিয়ে পুলিশ সুপারের কাছে চিঠি লিখেছেন। ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে তার ছুটির আবেদনপত্র।

সংবাদপ্রতিদিন, আনন্দবাজার পত্রিকাসহ ভারতের একাধিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।  ছুটির আবেদনপত্রে অশোক কুমার লিখেছেন, ‘গত ২২ বছর ধরে হোলির সময় আমার স্ত্রী একবারও বাপের বাড়ি যাননি। এতদিন পরে তিনি বাপের বাড়িতে গিয়ে হোলি উদযাপন করতে চেয়েছেন।

শুধু তাই নয়, আমার স্ত্রী চান আমিও যেন তার সঙ্গেই হোলি উদযাপন করি। এই কথায় জেদ ধরে বসে আছেন আমার স্ত্রী।’ নিজের অসহায় অবস্থার বর্ণনা দিয়ে অশোক জানান, অন্তত ১০ দিনের ছুটি তার খুব দরকার। তা না হলে তিনি স্ত্রীর সঙ্গে যেতে পারবেন না।

এই ছুটি পেলে তিনি খুবই উপকৃত হবেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন। ছুটি নেওয়ার এমন সৎ আবেদন দেখে আপ্লুত অশোকের ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে তাকে ১০ দিনের ছুটি দেওয়া সম্ভব হয়নি।

স্ত্রী যেন রাগ না করেন, সেই কথা মাথায় রেখে অশোককে পাঁচ দিনের ছুটি দেন পুলিশ সুপার। তবে স্বামী কম ছুটি পেলেন, সেই কারণে অশোকের স্ত্রী রেগে গেছেন কিনা, তা অবশ্য জানা যায়নি।

আ/ মহাদী

সংবাদটি শেয়ার করুন....