স্ত্রীকে খুন করে ২১ বছর লাপাত্তা: অবশেষে র্যাবের জালে ধরা
মার্চ ০৩ ২০২৩, ২০:৪২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: স্ত্রী খুনের দায়ে মৃত্যুদণ্ড নিয়ে ২১ বছর পালিয়ে থেকে অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন মো. আলী আহাম্মদ (৪৩) নামের এক আসামি।
তিনি বরিশালেরর হিজলা থানার লেমুয়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। শুক্রবার (০৩ মার্চ) বেলা ২টার দিকে সদর উপজেলার কন্দ্রকপুর গ্রাম থেকে তাকে আটক করে র্যাব-৮।
র্যাব-৮ বরিশালের উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। র্যাব জানায়, ২০০১ সালের ১৯ মার্চ পারিবারিকভাবে রোকেয়া বেগমের সঙ্গে আলী আহাম্মদের বিয়ে হয়।
বিয়ের পর ২০০২ সালের জানুয়ারি মাসে পারিবারিক কলহের জের ধরে রোকেয়াকে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। পরে রোকেয়ার বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় আদালত আলী আহাম্মদকে মৃত্যুদণ্ড প্রদান করেন। কিন্তু মামলার পর থেকেই দীর্ঘ ২১ বছর ধরে আলী আহাম্মদ ছদ্মবেশে বিভিন্ন জেলায় পালিয়ে ছিলেন।
এমতাবস্থায় র্যাব-৮ ছায়াতদন্ত করে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে বরিশালের হিজলা থানায় হস্তান্তর করা হয়।’
আ/ মাহাদী
