পুলিশের ডিআইজির বাড়িতে ডাকাতি!
ফেব্রুয়ারি ২৬ ২০২৩, ১৬:০৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শকের (এডিশনাল ডিআইজি) বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে মাওনা ইউনিয়নের দক্ষিণ বেলতলী গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতির সময় দেশীয় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। তথ্যসূত্র: দৈনিক দেশ রুপান্তর।
জানা যায় সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন) পদে কর্মরত এম এ জলিল। বাবা-মা, এবং কাজের লোকসহ গাজীপুরের শ্রীপুরে বসবাস করেন তিনি। ঘটনার দিন বাড়িতে শুধু তার বাবা ও মা ছিলেন।
অতিরিক্ত ডিআইজি এম এ জলিলের বাবা আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, বাড়িটি উচু প্রাচীর দিয়ে ঘেরা হলেও মই দিয়ে ডাকাত দল বাউন্ডারি পার হয়ে ভেতরে প্রবেশ করে। দরজার লক ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে তারা।
কোনো কিছু বুঝে উঠার আগেই ডাকাতরা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তিনি বলেন আনুমানিক অন্তত ১৫ জনের একদল ডাকাত ছিল। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও বিশেষ অনুষ্ঠানে পরার জন্য অতিরিক্ত ডিআইজির ইউনিফর্ম (টিউনিক) লুট করে ডাকাতেরা।
প্রতিবেশীরা জানায়, তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে এসে আমরা কাউকে পাইনি। বাড়ির লোকজনকে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তারা জানান গেলো পনেরো দিনের ব্যবধানে একই গ্রামে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ ছাড়া গত ২ মাসে বিভিন্ন সড়কেও বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটেছে। পর পর ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মিন্টু মিয়া ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, “ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ সুপারের নির্দেশে ঘটনার পর পর পুলিশের বিভিন্ন বিভাগ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পারবো।’
আ/ মাহাদী
