বরিশালে যুবককে কুপিয়ে হত্যা
ফেব্রুয়ারি ১৭ ২০২৩, ১৮:৩৬
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মুলাদী উপজেলায় আলী হোসেন মীর (২২) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামে বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন চরপদ্মা গ্রামের বাবুল মীরের ছেলে।
তিনি ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
বৃহস্পতিবার গভীর রাতে নিহতের লাশ উদ্ধার করে স্বজনরা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে, শুক্রবার দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। হত্যাকাণ্ডের কারণ এবং কারা জড়িও তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের বাবা বাবুল মীর জানান, ৪-৫ দিন আগে আলী হোসেন ঢাকা থেকে বাড়ি আসে। বৃহস্পতিবার বিকেলে বন্ধু এনায়েত হোসেনের সঙ্গে একই গ্রামের সাহেব আলী ঘরামীর বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা আলী হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।
নিহতের বন্ধু এনায়েত হোসেন বলেন, অনুষ্ঠান শেষে আলী হোসেন বাড়ি যাওয়ার জন্য তাকে কিছু পথ এগিয়ে দিতে বলে। খানকিটা এগিয়ে দেওয়ার পর আলী হোসেন একাই বাড়ি যেতে পারবে বলে জানায়। পরে রাত সাড়ে ১১টার দিকে আলী হোসেন বাড়ি পৌঁছেছে কিনা জানতে তার মোবাইলে ফোন কল দিলে আলী হোসেন রিসিভ করে আর বলে, ‘বন্ধু আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। এরপর আর কোন কথা বলতে পারেনি সে’।
তিনি আরও বলেন, ‘এ ঘটনার সঙ্গে সঙ্গে বিষয়টি তার বাবা-মাকে জানানো হয়। আমি বেড়িয়ে পড়ি। চরপদ্মা গ্রামের মেলকার বাড়ির পাশে গিয়ে দেখি আলী হোসেন রক্তাক্ত এবং অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো এবং পিটানোর চিহ্ন দেখতে পাই। তখন তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
