ঘর পুড়িয়ে দেয়ায় বিচারের দাবীতে রাস্তায় মাঝিরা
জানুয়ারি ৩০ ২০২৩, ১৭:৫৬
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল চরকাউয়া খেয়া ঘাটে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করে হাবিব। ৩ সন্তান নিয়ে কোন মতে জীবন পার করছিলেন এই অভাগা হাবিব। জীবনের শেষ সময়ে এসে সব কিছু হারিয়ে শশুর বাড়িতে আশ্রয় নেন তিনি।
বরিশাল সদর উপজেলার ৫ নং চরমোনাই ইউনিয়নের চরমেনাই গ্রামে তার শশুর বাড়ি বলে জানিয়েছেন গণমাধ্যমকর্মীদের। ছেলে মেয়ে নিয়ে বসবাসরত ঘরটি পুড়িয়ে দিলো প্রতিপক্ষ। ভাগ্যের নির্মমপরিহাসে তারা স্ব-পরিবারে বেচে গেলেও কিছুই পুড়তে বাকি ছিলো না ঘরটির। প্রতিপক্ষের আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে তার ভাগ্যের সেই চাকা।
আবারো পথে নামতে হয়েছে তার। ঘটনাটি ঘটেছে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে। থানা পুলিশের কাছে একাধিক বার বিচার চেয়েও পাননি হতভাগা হাবিবের স্ত্রী নাসিমা বেগম। বিচারের দাবী নিয়ে ঘুরেছেন সমাজপতিদের কাছেও। কোন কিছুতেই বিচার না পেয়ে নাসিমা বেগম দ্বারস্থ হন আদালতের। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জকে এজাহার হিসেবে গন্য করার জন্য নির্দেশ দেন।
আদালতের নির্দেশনা পেয়েও মামলা রুজু করতে গরিমসি করেছিলেন কোতয়ালী থানার সাবেক অফিসার ইনচার্জ আজিমুল করিম। তার কাছে অনেক অনুনয়বিনয় করে মামলা রেকর্ড করলেও আসামীদের ধরতে করছে গড়িমসি। মামলা দায়েরের পরে মামলার বাদী নাসিমা বেগমসহ তার পরিবারকে পুড়িয়ে হত্যার হুমকি দেন আসামীরা।
প্রতিনিয়তই চলে এই হুমকি। এমন ঘটনা জানা জানি হলে ক্ষোভের সৃষ্টি হয় চরকাউয়া মাঝিদের মধ্যে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আধাঘন্টা ট্রলার বন্ধ রেখে মানব বন্ধন ও বিক্ষোভ করে মাঝিরা। এসময় তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান ঘটনার সুষ্ট তদন্ত করে আসামীদের গ্রেফতার করতে হবে। না হলে আরো বৃহত্তর আন্দোলন করবে মাঝিরা।
