বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা
জানুয়ারি ১৬ ২০২৩, ১৯:৫৭
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলার চরআউলিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের চরআউলিয়াপুর এলাকায় সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তিনি ট্রলারের মালিক আকিব জাভেদকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ইতোমধ্যে অবৈধভাবে বালু ও মাটি কাটার বিরূদ্ধে কয়েকটি অভিযান পরিচালনা করে সফল হয়েছেন এ নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান,অবৈধভাবে খাস জমি থেকে মাটি কাটা ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় অপরাধীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর (১৫)১ ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে আশাবাদ ব্যক্ত করেন।
