শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক বাসভাড়া কার্যকরের দাবিতে বিক্ষোভ
জানুয়ারি ১৬ ২০২৩, ১৭:৪২
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলায় শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক বাসভাড়া কার্যকরসহ সারাদেশে হয়রানির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল হয়েছে।
নগরীর বিভিন্ন কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীরা সদর রোড থেকে সোমবার দুপুরে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
পরে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিয়ে বাসমালিকদের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে যান। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী রোহান সরদার, মোসাম্মত তানজিলা, রোকোনুজ্জামান, নাজমিন আক্তার প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার বিধান থাকলেও সদর উপজেলায় চলাচলরত বাসমালিকরা তা মানছে না। ফলে প্রতিদিন শিক্ষার্থীদের সঙ্গে বাসের কর্মচারীদের কথাকাটাকাটি ছাড়াও হয়রানির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। তাই অবিলম্বে বরিশাল সদর উপজেলাসহ সারাদেশে বাসে শিক্ষার্থীদের জন্য হাফভাড়া কার্যকর ও হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি।
