বরিশালে মিছিল থেকে জামায়াত-শিবিরের তিন কর্মী গ্রেপ্তার
জানুয়ারি ১৫ ২০২৩, ০০:০০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে জামায়াত ও শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল ও বিপুলসংখ্যক জিহাদি বই উদ্ধারের দাবি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটককৃতরা হলেন- পটুয়াখালীর বাউফলের ইব্রাহিম খলিল বাহারি, রায়হান হাওলাদার এবং পিরোজপুরের মঠবাড়িয়ার মেহেদি হাসান। তারা নগরীর বিসিক এলাকার কোকোনাট গলির হাজি মঞ্জিলের ভাড়াটিয়া বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, জামায়াত আমিরের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে জামায়াত ও শিবিরের একদল কর্মী নগরীর ভাটার খাল এলাকায় শনিবার মিছিল বের করে। সেখান থেকে পুলিশ এই তিনজনকে আটক করে।
বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি আজিমুল করিম বলেন, ‘আমরা জামায়াত ও শিবিরের ৩ কর্মীকে আটক করেছি।
তাদের কাছ থেকে ককটেল, জিহাদি বইসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম রাতে জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আ/ মাহাদী
