সেলুনে চুল কাটাতে গিয়ে মাথায় লাগল আগুন, যুবক হাসপাতালে

নভেম্বর ০২ ২০২২, ১০:৫৫

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: লুক পরিবতর্নে বর্তমানে কত ধরনের হেয়ার করে থাকেন স্টাইলপ্রিয়রা। চুলে বাহারি ছাঁটে ভিন্ন ভিন্ন রুপে নিজেকে নিয়ে হাজির হন কেউ কেউ। এমন সংস্কৃতির মধ্যেই সম্প্রতি ‘ফায়ার হেয়ারকাট’ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

এ প্রক্রিয়ায় চুল ছাঁটতে আগুন ব্যবহার করা হয়। অভিজাত সেলুনের বেশিরভাগেই রয়েছে ‘ফায়ার হেয়ারকাটের’ ব্যবস্থা।

অনেকেই সেবাটি নিতে ভিড় জমায় প্রতিনিয়ত। কিন্তু এবার সেলুনে ফায়ার হেয়ারকাট নিতে গিয়ে আগুনে পুড়ে গুরুতরভাবে আহত হয়েছেন এক যুবক (১৮)।

ঘটনাটি প্রতিবেশী দেশ ভারতের। এনডিটিভি জানিয়েছে, ভারতের গুজরাটের ভালসাদ জেলার ভাপি শহরের একটি সেলুনে এ দুর্ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভাপির ভদকমোরা এলাকার বাসিন্দা এবং তিনি সুলপাদ এলাকার একটি সেলুনে ফায়ার হেয়ারকাট নিতে গিয়েছিলেন।

ঘটনার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। ভিডিওতে দেখা গেছে – চুল কাটার প্রক্রিয়ার সময় আগুন দেওয়ার পর তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখা যায়। এতে মাথায় আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে ভুক্তোভোগীর।

 

ভাপি টাউন থানার তদন্ত কর্মকর্তা কারাম সিংহ মাকওয়ানা জানিয়েছেন, আহত ব্যক্তির ঘাড়ে এবং বুকে গুরুতর জখম হয়েছে। এ ঘটনার পর তাকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ভালসাদের সিভিল হাসপাতালে রেফার করা হয়।

প্রাথমিক তথ্য অনুসারে পুলিশ জানায়, আগুন ব্যবহার করে চুল ছাঁটার সময় তার মাথায় একধরনের রাসায়নিক প্রয়োগ করা হয়েছে। এর পরই তার শরীরের ওপরের অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে।

ফায়ার হেয়ারকাটের জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়েছিল তা খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....