উজিরপুরে প্রতিবন্ধীর বাগানের কলাগাছ কর্তন

জানুয়ারি ০৯ ২০২৩, ১৬:০৫

আমার বরিশাল ডেস্ক,

উজিরপুর প্রতিনিধি :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের শারিরিক প্রতিবন্ধী এক ব্যক্তির রোপিত অর্ধশতাধিক কলা গাছ প্রকাশ্যে কেটে ফেলেছে প্রতিবেশী এক প্রভাবশালী। এ ঘটনায় সোমবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শারিরিক প্রতিবন্ধী শাহাদাত শরীফ বলেন, একই গ্রামের জালাল সরদারের বাড়ির পাশের জমি লিজ নিয়ে তিনি অর্ধশতাধিক কলা গাছ ও সবজি রোপন করেন। গত এক সপ্তাহ পূর্বে কলা বাগানের পোকা দমনের জন্য জমিতে ওষুধ ছিটানো হয়। ওষুধ ছিটানোর পর পার্শ্ববর্তীর বাড়ির সবাইকে সতর্কও করা হয়েছে।

এরইমধ্যে শনিবার বিকেলে জালালের স্ত্রী নুর নাহার বেগমের কয়েকটি মুরগী শীতজনিত রোগে মারা যায়। তিনি (নুর নাহার বেগম) দাবী করেন, তার (শাহাদাত) ছিটানো ওষুধ খেয়ে মুরগী মারা গেছে। এ ঘটনার জেরধরে রোববার বিকেলে নুর নাহার বেগম, তার স্বামী জালাল সরদার বাগানের সকল কলা গাছ কর্তন করে।

অভিযুক্ত জালাল সরদারের স্ত্রী নুর নাহার বেগম বলেন, কাউকে কিছু না বলে জমিতে ওষুধ ছিটানো হয়েছে। এতে তার অর্ধশত মুরগী মারা গেছে। তাই কলাগাছগুলো কর্তন করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) জাফর আহম্মেদ জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....