মৃত স্ত্রীর ভাস্কর্য বাসায় সাজিয়ে রাখলেন বৃদ্ধ
জানুয়ারি ০৩ ২০২৩, ১৩:০৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মৃত্যুর আগে স্বামীর কাছে একটি আবদার করে গিয়েছিলেন স্ত্রী। তার এ আবদার মেটাতেই স্বামী তৈরি করলেন সোফায় বসে থাকা স্ত্রীর একটি ভাস্কর্য, যা সিলিকন দিয়ে তৈরি। দেখলে মনে হবে, তার প্রাণবন্ত স্ত্রী যেন সত্যি বসে আছে।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ৬৫ বছর বয়সী তাপস সান্দিল্যর স্ত্রী ইন্দ্রানির।
এতে তাদের ৩৯ বছরের সংসার জীবনের ইতি ঘটে। স্ত্রীর ইচ্ছা পূরণে সিলিকনের এ ভাস্কর্য তৈরিতে সান্দিল্যর খরচ হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকার মতো। এর ওজন প্রায় ৩০ কেজি।
ভাস্কর্যটিকে পরানো হয়েছে আসাম থেকে আনা সিল্ক শাড়ি। এ শাড়ি তিনি পরেছিলেন ছেলের বিয়ের অনুষ্ঠানে। তার গলায় রয়েছে স্বর্ণের অলংকার, যা জীবিত অবস্থায় ছিল ইন্দ্রানির পছন্দের।
সান্দিল্য বলেন, আমরা মায়াপুরে এক দশক আগে মন্দিরে গিয়ে প্রাণবন্ত ভাস্কর্য দেখেছিলাম। তখন আমার স্ত্রী বলেছিল, যদি সে আমার আগে মারা যায় যেন তার এরকম ভাস্কর্য তৈরি করা হয়। তার কথা রাখতেই আমি এ ভাস্কর্য গড়েছি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
